জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে। দেশে রাজনৈতিক অস্থিরতার সময় দেশ ছাড়েন সাকিব আল হাসান। তারপর থেকে জাতীয় দলের হয়ে কেবল বিদেশের মাটিতেই খেলেছেন কিন্ত দেশের মাটিতে আর জাতীয় দলের হয়ে ফেরেননি তিনি। জাতীয় দলের হয়ে তারকা এই অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের উপর ছেড়ে দেন। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যপট বদলায়নি। আবারও নির্বাচকদের সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
বিসিবি সভাপতি বুলবুল জানান,সাকিব কোনো সংস্করণ থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ফলে তাকে এখনও পাওয়া যেতে পারে। তবে তার সঙ্গে সরাসরি কথা বলার পরই বোর্ডের অবস্থান স্পষ্ট হবে। সোমবার (১৪ জুলাই) সংবাদমাধ্যমকে তিনি বলেন,‘সাকিবকে এখনো পাওয়া যাবে। সব সংস্করণ থেকে সে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব।’
তবে শুধু বোর্ড সভাপতি নয়, জাতীয় দলের ভবিষ্যৎ গঠনে যারা দায়িত্বরত, সেই নির্বাচক প্যানেল ও ক্রিকেট পরিচালনা বিভাগের মতামতকেই প্রাধান্য দিতে চান বুলবুল। বলেন,‘তার সঙ্গে কথা বলব। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা দল নির্বাচন করে, তাদের ওপর। আমার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি (সাকিবের সঙ্গে)।’
সাকিবের সঙ্গে বিসিবির আনুষ্ঠানিকভাবে এখনো কোনো যোগাযোগ হয়নি বলেও জানান তিনি। বলেন,‘আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো যোগাযোগ হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগে যারা আছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে।’
এদিকে, এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই আলো ছড়ান তিনি—৫৮ রান ও ৪ উইকেটের পারফরম্যান্সে। তবে এরপরের দুই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। ওই দুই ম্যাচে ব্যাট হাতে মোট করেন মাত্র ১১ রান আর বল হাতেও কোনো সাফল্য পাননি।