নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সোমবার সন্ধ্যায় দিদারুলের নিহতের খবর দেখে অনেকে বিশ্বাসও করতে পারেননি।
নিউ ইয়র্কের ব্রঙ্কসে বসবাসকারী দিদারুল ইসলাম (৩৬) একজন সৎ ও নির্ভীক পুলিশ কর্মকর্তা হিসেবেই চেনেন সবাই। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার মাগুরা এলাকার বাসিন্দা। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সুপরিচিত ও প্রশংসিত একজন ব্যক্তি। তার দুটি সন্তান রয়েছে এবং বর্তমানে স্ত্রী সন্তানসম্ভবা। নিহতের লাশ কলম্বিয়া হাসপাতালে রাখা হয়েছে। জানাযা এবং দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন এনওয়াইপিডির বাংলাদেশি পুলিশ কর্মকর্তারা।
ব্রঙ্কসের বাসিন্দা মোহাম্মদ ফারুক জানান, দিদারুলের চলাফেরা ছিল একদম সাদামাটা। পরিবারের সঙ্গে সাউন্ডভিউ এলাকায় থাকতেন। দিদারুল পুলিশে যোগ দেয়ার পূর্বে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন (বাপা) এক বিবৃতিতে দিদারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। সোমবার রাতে নিহত দিদারুলের আত্মার মাগফেরাত কামনায় তাৎক্ষণিকভাবে এক আলোচনা সভায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দক্ষ পুলিশ বাহিনী হিসেবে পরিচিত নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত আছেন কয়েকশত বাংলাদেশি। যেখানে প্রত্যেকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সম্মান বৃদ্ধি করছেন।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, দিদারুল ইসলাম দুই ছেলে সন্তানের বাবা। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।
মেয়র এরিক অ্যাডামস এক ব্রিফিংয়ে জানান, বন্দুক হামলায় নিহত চারজনের একজন এনওয়াইপিডির কর্মকর্তা দিদারুল ইসলাম। তিনি ৪৭তম প্রিসেন্টে ছিলেন। তার বয়স মাত্র ৩৬ বছর। দিদারুল এনওয়াইপিডিতে সাড়ে তিন বছর কাজ করেছেন জানিয়ে মেয়র বলেন, তিনি তার সর্বোচ্চ ভালো কাজটা করেছিলেন। তিনি জীবন রক্ষা করছিলেন।
অ্যাডামস জানান, দিদারুল নিউ ইয়র্কবাসীর সুরক্ষা দিচ্ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশি অভিবাসী, যিনি এ নগরকে ভালোবাসতেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় সন্দেহভাজন বন্দুকধারী শেন তামুরার হামলায় নিউ ইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
mzamin.com