জর্জিনা রদ্রিগেজের অনামিকা আঙুলে একটি হীরার আংটি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি দিয়ে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন এবং অন্য সব জন্মেও।’ ক্রিস্টিয়ানো রোনালদোকে এভাবেই উত্তরটা জানালেন জর্জিনা। বিশ্বখ্যাত ব্র্যান্ড গুচির এক শোরুম থেকে যে গল্পের সূচনা, তা এবার পরিণতি নিচ্ছে। পরিচয়ের ৯ বছর পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে রোনালদো-জর্জিনা জুটি।
আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে অনেক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। দু’জনকে একসঙ্গে প্রকাশ্যে প্রথমবার দেখা যায় ২০১৭-এর ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে। তখন থেকেই মূলত রোনালদো আর জর্জিনার প্রেমের গুঞ্জন বাস্তবতায় পরিণত হয় ভক্তদের কাছে। সে বছরের নভেম্বরেই দুজনের কোলজুড়ে আসে কন্যাসন্তান মার্তিনা।
একই বছরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় রোনালদোর যমজ সন্তান ইভা ও মাতেও। ততদিনে রোনালদোর আগের সন্তান রোনালদো জুনিয়রসহ বাকিদের দায়িত্বও নেন জর্জিনা। ২০২২-এ ফের বাবা-মা হন দুজন, জন্ম নেয় আরেকটি কন্যাসন্তান বেলা এস্মেরলাদা। ৪০ বছর বয়সী রোনালদো আগে বিয়ের ইঙ্গিতটা আগেই দিয়ে দেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ আই অ্যাম জর্জিনা-তে। সেখানে তিনি বলেন, ‘যখন সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে।