বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হলেন ৬ জন। ক্যাটেগরি-১ বা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে নির্বাচিত হয়েছেন ওই ছয় জন। তাদের মধ্যে আছে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকের নাম। ওয়ানডে ক্রিকেটে দেশের একসময়ের শীর্ষ উইকেট শিকারি সাবেক এই স্পিনার ক’দিন আগেও ছিলেন জাতীয় নির্বাচক। সেই দায়িত্ব ছেড়ে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে আসেন তিনি। পরিচালক হয়ে গেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলী খানও। খুলনায় এই দু’জন ছাড়া আর কোনো প্রার্থী নেই।বাংলাদেশ ভ্রমণ
চট্টগ্রাম থেকেও এভাবেই পরিচালক হয়ে গেছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এছাড়াও সিলেট বিভাগে রাহাত শামস ও বরিশাল বিভাগে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের প্রায় সবাই ক্রীড়া উপদেষ্টার ঘনিষ্ঠ বলে গুঞ্জন আছে। এই কোটার পরিচালকদের মধ্যে ভোটের লড়াই হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে।
সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি হতে পারে ঢাকায়। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে লড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি বিসিবি’র বর্তমান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
তারা দুজনই ক্রীড়া উপদেষ্টার কাছের মানুষ হিসেবে ক্রিকেট আঙিনায় মোটামুটি প্রতিষ্ঠিত। তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সাবেক পরিচালক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এই তিনজনের মধ্যে থেকে দুইজন হবেন বিসিবি পরিচালক।