শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন




গোলটেবিল বৈঠকে বক্তারা

বৈষম্য দূর ও সামাজিক ন্যায়বিচারে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৫:৩৬ pm
Center for Zakat Management CZM সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট সিজেডএম
file pic

‘বৈষম্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, দেশের সংবিধানের মূল চেতনার সাথে বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার একটি গভীর বৈসাদৃশ্য তৈরি হয়েছে। তারা বাংলাদেশের অর্থনীতি ও সমাজে বৈষম্যের বিস্তারের উদ্বেগজনক চিত্র তুলে ধরে দ্রুত ও দৃঢ় রাজনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. শাহজাহান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ ও আশরাফ উদ্দিন মাহদী, আপ বাংলাদেশের রাফে সালমান রিফাত, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা আবদুল মাজেদ আজহারী ও মুফতি মুখলিসুর রহমান কাসেমী, ডাকসু প্রতিনিধি ফাতেমা তাসনীম জুমা ও আনাস ইবনে মুনির।

বিশেষজ্ঞ ও সুশিল সমাজ প্রতিনিধিদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিনস ইউনিভাসিটির অধ্যাপক এম কবির হাসান, এসডিএফের প্রধান সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, পবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান, বুটেটের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান (বীর প্রতীক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. হাসিনা শেখ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইশরাত জাকিয়া সুলতানা, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সিএসপিএসের নির্বাহী পরিচালক ড. মিজানুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

মূল প্রবন্ধে বলা হয়, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ছিল। ১৯৭২ সালের সংবিধানের ১৯ অনুচ্ছেদে সুযোগের সমতা নিশ্চিতকরণ ও অর্থনৈতিক-সামাজিক বৈষম্যদূরীকরণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। অথচ সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশের সম্পদ বণ্টনে তীব্র বৈষম্য দেখা যায়Ñ শীর্ষ ১০ শতাংশ মানুষ দেশের ৫৮.৫ শতাংশ সম্পদের মালিক, আর নিম্ন ৫০ শতাংশ জনগণের দখলে মাত্র ৪.৮ শতাংশ সম্পদ। মোট জাতীয় আয়ের ৩৮.৫০ শতাংশ শেয়ার উচ্চ আয়ের ১০ শতাংশ মানুষের, বিপরীতে নিম্ন ১০ শতাংশ মানুষের শেয়ার মাত্র ১.৩১ শতাংশ।

প্রবন্ধকার বলেন, এই বৈষম্যের জন্য দুর্নীতি, ব্যাংক লুটপাট, ঋণখেলাপি, অর্থপাচার, অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের অস্বচ্ছতা ও শহরকেন্দ্রিক বিনিয়োগ বৈষম্য উল্লেখযোগ্যভাবে দায়ী।

সামাজিক নিরাপত্তার সাফল্য ও সীমাবদ্ধতা প্রসঙ্গে বলা হয়- দেশে প্রায় ২০টি মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি বাস্তবায়িত হলেওÑ দরিদ্রতার হার কিছুটা কমেছে; কিন্তু আয় ও সম্পদ বৈষম্য কমাতে এ কর্মসূচিগুলোর প্রভাব খুবই সীমিত। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ দাঁড়িয়েছে বাজেটের ১৪.৭৮ শতাংশ। তবে অফিসিয়াল দাবি অনুযায়ী জিডিপির ২.২.৫ শতাংশ বরাদ্দ থাকলেও, পেনশন, সঞ্চয়পত্রের সুদ ও ভর্তুকি বাদ দিলে প্রকৃত বিনিয়োগ জিডিপির মাত্র ১.৩২ শতাংশ- যা এক ধরনের ‘শুভঙ্করের ফাঁকি’।

ইসলামী সামাজিক অর্থায়নের সম্ভাবনা প্রসঙ্গে বলা হয়- ২০২২ সালের এক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত, ওয়াকফ, সাদাকাসহ ইসলামী সামাজিক অর্থায়নের উপকরণগুলো ব্যবহার করতে পারলে বৈষম্যদূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব বলেও তারা মত দেন।

রাজনৈতিক অঙ্গীকারই মূল চাবিকাঠি বলে উল্লেখ করে বলা হয়- বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা কেবল অর্থনৈতিক কর্মসূচি নয়; এটি একটি রাজনৈতিক অঙ্গীকার। সংবিধানের মূল চেতনা বাস্তবায়নে জরুরি ভিত্তিতে কাঠামোগত সংস্কার ও সুস্পষ্ট নীতিমালা গ্রহণের প্রয়োজন রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD