শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন




২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, এক নজরে সব খুঁটিনাটি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা
file pic

ফুটবল-বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত আয়োজন ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার। চার বছর পরপর আয়োজিত এই ড্রই ঠিক করে দেয় কোন দলের সামনে কেমন পথ অপেক্ষা করছে। রেকর্ড ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ড্রকে ঘিরে ফুটবল-সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

কবে, কোথায় ড্র
বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান।

ড্র কীভাবে হবে
মোট চারটি পটে থাকবে ৪৮ দল। প্রতিটি পটে থাকবে ১২টি করে দল। শুরু হবে পট-১ দিয়ে। প্রতিনিধিরা প্রতিটি পট থেকে একটি করে বল তোলার মাধ্যমে ‘এ’ থেকে ‘এল’ ১২টি গ্রুপ পূরণ করবেন। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।

পট-১: শীর্ষ বাছাই ১২ দল

ফিফা র‌্যাংকিং এবং স্বাগতিক সুবিধা অনুযায়ী পট–১ এ রাখা হয়েছে শীর্ষ ১২ দলকে।

পট–১ দলগুলো
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলকে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। ফিফা জানিয়েছে, চার দলই যদি গ্রুপ সেরা হয়, সেক্ষেত্রে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হতে হবে না।

পট–২, ৩ ও ৪

পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট–৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা।

পট–৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে–অফ বিজয়ী (এ, বি, সি, ডি), আন্তঃমহাদেশীয় প্লে–অফ বিজয়ী (১, ২)।

ছয় দল এখনো বাকি
এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে জায়গা। আগামী মার্চে ২২ দলের প্লে-অফ শেষে চূড়ান্ত হবে বাকি ৬ দল।

কনফেডারেশনসংক্রান্ত নিয়ম
কোনো গ্রুপে ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল রাখা হবে না। যেহেতু ইউরোপ থেকে আসছে ১৬ দল, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

স্বাগতিকদের গ্রুপ আগে থেকেই নির্ধারিত
ফিফা আগেই তিন স্বাগতিক দেশের গ্রুপ নির্ধারণ করে দিয়েছে। তারা হলো- মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ ও যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’।

পট–১–এ থাকা বাকি ৯ দলকে অন্য গ্রুপগুলোতে রাখা হবে।

ইরানের বয়কট
যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা না দেয়ায় ড্র অনুষ্ঠান বয়কট করেছে ইরান। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কর্মকর্তারা নানা বাধার মুখে পড়েছেন।

হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিষয়টি সমাধানে তারা ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত জুনে ১২ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে ইরানও রয়েছে। তবে বড় ক্রীড়া ইভেন্টগুলোর ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথা উল্লেখ থাকায় ড্রয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে কি না, তা স্পষ্ট নয়।

কীভাবে দেখবেন ড্র
২০২৬ বিশ্বকাপের ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা ডটকম এবং ফিফার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো। এছাড়া ফিফার অনুমোদিত আন্তর্জাতিক মিডিয়া পার্টনাররাও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD