শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন




২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র: কোন গ্রুপে কোন দল?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ১১:২০ am
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, আর অস্ট্রিয়ার গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে।

ফুটবল বিশ্বের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপিং। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জমকালো ড্র অনুষ্ঠানে নির্ধারিত হলো ৪৮টি দলের ভাগ্য। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে রয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হওয়া এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফএল কিংবদন্তি টম ব্রেডি, এনবিএ তারকা শাকিল ও’নিলসহ ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা। তাদের হাত ধরেই লটারির মাধ্যমে ১২টি গ্রুপে ভাগ করা হয় দলগুলোকে।

লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। শক্তির বিচারে গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়ার পথটা আলবিসেলেস্তেদের জন্য বেশ মসৃণই মনে হচ্ছে।

অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী হয়েছে আফ্রিকান পরাশক্তি মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নেইমারদের জন্য এই গ্রুপে মরক্কোই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ড্রয়ের পর ‘এল’ গ্রুপটি নজর কেড়েছে সবার। সেখানে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকার শক্তিশালী দল ঘানা এবং পানামা।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে, যেখানে তাদের লড়তে হবে কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। ফ্রান্সের ‘আই’ গ্রুপটিও বেশ কঠিন। এমবাপ্পেদের লড়তে হবে সাদিও মানের সেনেগাল এবং আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে। জার্মানি ‘ই’ গ্রুপে পেয়েছে ইকুয়েডর ও আইভরি কোস্টকে।

আগামী বছরের ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো।

একনজরে দেখে নিন ২০২৬ ফিফা বিশ্বকাপের কোন গ্রুপে কোন দল খেলবে:

গ্রুপ- ‘এ’ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল।

গ্রুপ- ‘বি’ কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল।

গ্রুপ- ‘সি’ ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড, হাইতি।

গ্রুপ- ‘ডি’ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল।

গ্রুপ- ‘ই’ জার্মানি, ইকুয়েডর, আইভেরিকোস্ট, কুরাসাও।

গ্রুপ- ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল।

গ্রুপ- ‘জি’ বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।

গ্রুপ- ‘এইচ’ স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।

গ্রুপ- ‘আই’ ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল।

গ্রুপ- ‘জে’ আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।

গ্রুপ- ‘কে’ পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী দল।

গ্রুপ- ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

উল্লেখ্য, ২০২৬ সালের জুনে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের এই আসরে এবার প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। শুক্রবার (৫ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ড্র-য়ে চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের সব গ্রুপ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD