শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন




নির্বাচনের তফসিলকে স্বাগত জানালো রাজনৈতিক দলগুলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৯:২৯ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি-জামায়াত Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

তফসিল ঘোষণা নতুন দিগন্তের সূচনা: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই তফসিল ঘোষণা নতুন দিগন্তের সূচনা। বৃহস্পতিবার সন্ধায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।

প্রসঙ্গত, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি তার ভাষণে তফসিলের ঘোষণা দিয়ে জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।

প্রসঙ্গত, দেশের ইতিহাসে এবারই প্রথম একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিইসি বলেন, নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯শে ডিসেম্বর, ৩০শে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

নির্বাচনের তফসিলকে স্বাগত জানাল জামায়াত

নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।

তিনি বলেন, জাতি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, জাতীয় নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণার জন্য। ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির সঙ্গে আমরাও মোবারকবাদ এবং এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে তা কেটে যাবে ইনশাআল্লাহ।

জুবায়ের বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে অনেকগুলো গুরু দায়িত্ব পালন করতে হবে। আমরা যেসব বিষয়ে ইসিকে অবহিত করেছি, আশা করব তারা তা পালন করবেন। বিশেষ করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক ও অন্যান্য যতগুলো দায়িত্ব আছে-সব দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশা করবো। এক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা আমরা আশা করবো না, যাতে জাতির উৎকণ্ঠা তৈরি হয়। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। কারণ অতীতে বিভিন্ন নির্বাচনে অনেক কিছু বলা হলেও তা পূরণ করা হয়নি।

তিনি জানান, আমরা আট দলের শীর্ষ নেতারা আরো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া পরবর্তীতে জানাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা কিছুদিন আগেও নির্বাচন কমিশনে গিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা দেখবো তারা কি কি ব্যবস্থা নেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দাবি যেগুলো আছে, তারমধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে। এছাড়া আগে গণভোট চেয়েছিলাম, এখন চাইবো গণভোটে যেন ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০০ আসনেই আমরা প্রার্থী দিয়েছি। কিছু পরিবর্তন হয়েছে। তবে আট দল বসে শিগগিরই প্রার্থী আমরা একক প্রার্থী চুড়ান্ত করে ঘোষণা দেব। আগামী সপ্তাহের মধ্যেই এটা চুড়ান্ত হতে পারে। তিনি আরো বলেন, আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। সেজন্য শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিলকে স্বাগত এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোটের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান। এ সময় নির্বাচন কমিশনের উপর যথেষ্ট সন্দেহজনক অবস্থান থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। আমরা একটি কথা বলব, সরকার এবং কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকায় এনসিপি নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় আরও অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি, টাকার প্রভাব, গডফাদার যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের উপর আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান যে পরিস্থিতি রয়েছে, লটারির মাধ্যমে এএসপি, ডিসি নিয়োগ করা হচ্ছে। সেটা জাতীয় সামনে সুস্পষ্ট করা হয় নাই। কাদের নিয়োগ করা হচ্ছে, এটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল, সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এ পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচনে আমরা যাচ্ছি। এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলব, ভোট কেন্দ্র কোনো দলীয় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতি, মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত, তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক, যাতে জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দেই।

তিনি বলেন, আইন শৃঙ্খলার আমরা যথেষ্ট সক্ষমতার পরিচয় দেখতে পাচ্ছি না। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, তাদের একটি পুনর্গঠনের কথা কিন্তু আমরা বলে আসছি। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তারা তাদের কর্মের পরিচয় দেখাতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD