বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন




পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের নতুন তপশিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ৫:৪৫ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও ২ আসনের নতুন সীমানা জারি করে পুনঃতপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তপশিল ঘোষণা করা হয়। রাত প্রায় ১টায় ইসির জনসংযোগ পরিচালক রূহুল আমিন মল্লিক গণমাধ্যমে এই প্রজ্ঞাপনের কথা জানান।

তপশিলে বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলিয়া উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করিবার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন।

সেহেতু, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক Civil Petition for Leave to Appeal No. 190 Of 2026 এ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রদত্ত আদেশের প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, জাতীয় সংসদ পঠন করিবার উদ্দেশ্যে ৬৬ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২ নির্বাচনি এলাকা হইতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাইয়া বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইতিপূর্বে প্রকাশিত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নম্বর ১৭,০০,০০০০.০১৪.৩৯.০০৯.২৫-৩৬৭ এর সংশ্লিষ্ট অংশটুকু বাতিলপূর্বক এই প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করা হইল।’

এর আগে, বৃহস্পতিবার আপিল বিভাগ গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে আদেশ দেন। এর ফলে সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা একটি লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৪ সেপ্টেম্বর ৩০০ সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার আবু সাঈদ হাই কোর্টে রিট মামলা করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট রুল জারি করে। সেই রুল শুনানি শেষে গত ১৮ ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা সংক্রান্ত গেজেটের অংশটুকু ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হয় ওই রায়ে।

সেই সঙ্গে পাবনা-১ ও পাবনা-২ আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।

এরপর নির্বাচন কমিশন পাবনার আসন দুটি নিয়ে ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে আগের মতো পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন দেখানো হয়। আর বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা দেখানো হয়।

হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করে। ৫ জানুয়ারি সেসব আবেদন শুনে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা পর্যন্ত এই স্থগিতাদেশ বাহল থাকবে।

এর ফলে পাবনার এ আসন দুটির ক্ষেত্রে ইসির ৪ সেপ্টেম্বরের গেজেট বহাল হয়ে যায়। অর্থাৎ, সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা বহাল হয়।

সীমানা নিয়ে এই জটিলতার কারণে নির্বাচন কমিশন ৯ জানুয়ারি জানায়, আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত থাকবে।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি আপিলের আবেদন করেন পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা-১ ও ২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনি কার্যক্রম শুরু করার নির্দেশনা চাওয়া হয় সেখানে। সেই আবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার শুনানি হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD