শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন




মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ৫:২৮ pm
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

সাফ নারী ফুটসালের অভিষেক আসরেই বাজিমাত করল বাংলাদেশ। রোববার ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল।

শিরোপা নির্ধারণী ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবিনা একাই করেছেন ৪ গোল। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা ১৩। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করে মালদ্বীপকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে। এটি টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।

৭ দলের এই টুর্নামেন্টে ৬ ম্যাচের ৫টিতে জয় ও ১টি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল লাল-সবুজের প্রতিনিধিরা।

​অন্যদিকে, একই আসরে বাংলাদেশের পুরুষ দল ব্যর্থতার বৃত্তে থাকলেও নারী দল ঠিকই দেশের মুখ উজ্জ্বল করল।

প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।’

প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’প্রধান উপদেষ্টা ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ‍্যাম্পিয়নশীপ-এ আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD