নতুন সরকার যখন ক্ষমতা নেয়ার দ্বারপ্রান্তে, তখন সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার আলোচনা তুঙ্গে। ইংরেজি দৈনিক ডেইলি সানকে একটি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে সাকিবকে। তবে সংবাদমাধ্যমটিতে সাবেক অধিনায়ক নিজেই মন্তব্য করেন, এ বিষয়ে একটু বেশিই ভেবে ফেলা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়লাভের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত বছর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে বলেন, ‘সেটি (সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না, সেটির ওপর নির্ভর করবে। আমি কখনওই খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই (জাতীয় দলে) আসবে।’ মন্তব্যটি তখনই আলোচনার জন্ম দেয় ক্রিকেটপাড়ায়। বিএনপি যখন সরকার গঠনের দুয়ারে দাঁড়িয়ে, তখন আরেকবার নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে এই সাক্ষাৎকারটি। তবে এ বিষয়ে ডেইলি সানকে সাকিব বলেন, ‘আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন। ভাই, আগে আমাকে দেখতে দিন যে সামনে দিনগুলোতে কী হয়।’
অবশ্য সাকিবের একট ঘনিষ্ঠ সূত্র জানায়, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন এ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সূত্রটির ভাষ্য, ‘সে দেশে এসে পাকিস্তান সিরিজ খেলবে। একই সঙ্গে পরের বছরের ওয়ানডে বিশ্বকাপেও চোখ রাখবে। এটিই ছিল ওর আসল পরিকল্পনা।’
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ওয়ানডে বিশ্বকাপে খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব, এমনটি জানিয়ে সূত্রটি আরও বলে, ‘ফিরে আসা, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া এবং পরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা (ছিল সাকিবের পরিকল্পনা)।’