শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন




যাত্রী কল্যাণ সমিতি

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫৭ pm
highway hig hway Passenger Welfare Association Of Bangladesh বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি Bangladesh Jattery Kollan Somaty যাত্রী কল্যাণ সমিতি uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident
file pic

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১২০৪ জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২২৩ জনের, আহত হয়েছেন ১৩২ জন। মোট দুর্ঘটনার প্রায় ৩৮ শতাংশ এবং মোট নিহতের প্রায় ৪১ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট।

রোববার (২২ ফেব্রুয়ারি) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এ বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় জড়িত ৮২৯টি যানবাহনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল। এছাড়া ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি ২৩.৬৪ শতাংশ, বাস ১৪.৩৫ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৩.৬৩ শতাংশ এবং অন্যান্য যানবাহন বিভিন্ন হারে দুর্ঘটনায় জড়িত ছিল।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৪৮ দশমিক ৩৬ শতাংশ ঘটনায় গাড়িচাপা, ২৮ দশমিক ৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ১৬ দশমিক ৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এছাড়া অল্পসংখ্যক ঘটনায় ট্রেন-যানবাহন সংঘর্ষ ও অন্যান্য কারণও ছিল।

সড়কের ধরন অনুযায়ী ৪২.৫৭ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৪.০৯ শতাংশ ফিডার রোডে ঘটেছে। ঢাকা মহানগরীতে ৪.৫২ শতাংশ এবং চট্টগ্রাম মহানগরীতে ০.৫৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

সংগঠনটির মতে, সড়ক পরিবহন খাতে নীতি ও তদারকির দুর্বলতা, নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক আইন অমান্য, সড়ক অবকাঠামোর ত্রুটি এবং বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ।

দুর্ঘটনা প্রতিরোধে তারা দক্ষ চালক তৈরির উদ্যোগ, ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান, সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী সুবিধা বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ, মানসম্মত সড়ক নির্মাণ এবং মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন অপসারণসহ ১৪ দফা সুপারিশ তুলে ধরেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD