বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন




সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:৫৮ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

দেশ গণতন্ত্র থেকে আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

বুধবার (৪ মার্চ) সিলেট নগরের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তার দাবি, এসব প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়ছে।

তিনি আরও বলেন, আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। আমরা একটি গণঅভ্যুত্থান করেছি, কিন্তু পরবর্তী করণীয় নির্ধারণে অনেক ভুল করেছি। সেই ভুলের ফলেই আজ দেশের এই বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্যসচিব আবু বকর মজুমদারসহ দলটির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতারাও উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD