শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন




নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:২৬ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রুহুল কুদ্দুস কাজল নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাধিকবার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরে তাকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়।

পেশাগত জীবনের মতো শিক্ষাজীবনেও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি ১৯৮৬ সনে যশোর বোর্ড থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৮৮ সনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান অর্জন করেন। ১৯৯৩ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স), এবং ১৯৯৪ সনে এলএলএম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

২০০৫ সনে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন রুহুল কুদ্দুস কাজল। এরপর ২০০৬ সনে সিটি ইউনিভার্সিটি থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। ২০০৬ সনে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এট-ল’ সনদ অর্জন করেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD