বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন




দরপত্র ছাড়াই তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:৪০ am
Ministry of Finance অর্থমন্ত্রী অর্থ মন্ত্রনালয় অর্থ মন্ত্রণালয়

দেশে জ্বালানির জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) মোট তিন লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের কমিটির ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন (ইএন৫৯০-১০ পিপিএম— ইউরোপীয় মান অনুযায়ী ডিজেলের একটি নির্দিষ্ট মান অর্থাৎ ডিজেলের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন) ডিজেল এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে দুই লাখ মেট্রিক টন [ইএন৫৯০ ইউরো-৫ (১০ পিপিএম)— এই মানের ডিজেল” অর্থ হলো ইউরোপীয় মান অনুযায়ী উন্নত ও পরিবেশবান্ধব ডিজেল, যেখানে সালফারের পরিমাণ খুব কম (১০ পিপিএম)] ডিজেল কেনা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD