বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন




যুদ্ধবিরতি বাড়ালেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল রাখছেন ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ am
Iran Tehran ইরান তেহরান ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিল) দেয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, পাকিস্তানের অনুরোধে নির্ধারিত হামলা স্থগিত রেখে যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছে, যাতে তেহরান যুদ্ধ অবসানে একটি প্রস্তাব দেয়ার সুযোগ পায়। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।

সামাজিকমাধ্যমে ট্রাম্প বলেন, আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তারা প্রস্তুত থাকবে। ইরান তাদের প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের অবস্থান পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে, একই দিনে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর বিরোধিতা করে ইরানকে সতর্ক করেছিলেন যে সময় দ্রুত ফুরিয়ে আসছে। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি অবস্থান পরিবর্তন করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাছি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরান নিজেদের স্বার্থ রক্ষা ও চাপ মোকাবিলা করতে জানে।

যুদ্ধবিরতি বাড়ানো হলেও অবরোধ বহাল থাকায় পাকিস্তানে নির্ধারিত আলোচনায় ইরান অংশ নেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে আলোচনার অগ্রগতি অনিশ্চিতই থেকে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে লেবানন ইস্যু ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে উত্তেজনা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন কমানোর দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ইরান তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার বজায় রাখার পাশাপাশি সামরিক সক্ষমতা নিয়ে কোনো ছাড় দিতে নারাজ।

সূত্র: আল জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD