শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন




বিশ্বকাপে খেলতে বড় সিদ্ধান্ত নিলেন নেইমার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:১৯ am
Brazil national football team Neymar da Silva Santos ব্রাজিল জাতীয় ফুটবল দল নেইমার দ্য সিলভা সান্তোস
file pic

বিশ্বকাপে নেইমার থাকবেন কি না, প্রশ্নটা ব্রাজিল তো বটেই, গোটা ফুটবল বিশ্বেরই সবচেয়ে বড় কৌতূহল। তার বিশ্বকাপ সম্ভাবনা ঝুলছে সুতোয়। সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলতে নেইমার নিজেও তার সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করছেন। এবার সেই লক্ষ্যেই তিনি নিয়েছেন বড় এক সিদ্ধান্ত।

পালমেইরাসের বিরুদ্ধে ব্রাজিলিয়ান সিরি আর বড় ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জিওগ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।

জানা গেছে, নেইমার তীব্র শারীরিক ক্লান্তিতে ভুগছেন। এর পাশাপাশি পালমেইরাসের আলিয়ানজ পার্কের কৃত্রিম মাঠ নিয়েও বড় শঙ্কা আছে। এই ধরনের মাঠে চোটের ঝুঁকি অনেক বেশি। তাই এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নেইমার ভয় পাচ্ছেন যে মৌসুমের এই পর্যায়ে চোট পেলে বিশ্বকাপের স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এখনো বিশ্বকাপ দলে নেইমারকে রাখবেন কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। তবে ৩৪ বছর বয়সী এই তারকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে যাওয়ার জন্য সব ধরনের সতর্কতা মেনে চলছেন।

নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে তিনি করেছেন ৭৯ গোল। যদিও ব্রাজিলের হয়ে এক কনফেডারেশন্স কাপ আর একটি অলিম্পিক বাদে আর কিছুই জিততে পারেননি। সে আক্ষেপটা ঘোচাতেই তিনি চাইছেন এবারের বিশ্বকাপে খেলতে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD