সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন




প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা ডিএসসিসির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ ৬:৫৩ pm
নগর ভবন Dhaka South City Corporation DSCC ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি
file pic

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্নতা জোরদারে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করা হয়েছে। সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ ঘোষণা দেন। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে।

সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলন কক্ষে এডিস মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, আবাসিক কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি ও তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণেও পেশাদারিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সভাপতির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নগরবাসী যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’

এসময় মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করতে হবে।’

সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD