আসন্ন ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর মূল লক্ষ্য হচ্ছে– পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সারা দেশে সহজলভ্য, স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা। নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পৃথক ও ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
পাশাপাশি সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া সব টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পানি দূষণ সৃষ্টি করতে না পারে। নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে, নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।