বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন




ব্যাংকের টাকায় বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ ৮:৪২ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত দেশে-বিদেশের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি অফিস নির্দেশনা জারি করেছে। এতে সই করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউর রহমান খান।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত কোনও ধরনের প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণকারী কিংবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনও প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপেও অংশগ্রহণ করা যাবে না।

তবে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর অনুমতি সাপেক্ষে দেশে আয়োজিত কোনও সেমিনার বা আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনও ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে— এমন সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে সম্মানীর বিনিময়ে অংশগ্রহণ থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD