মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন




মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১১:৩২ am
মেসেঞ্জার Meta Facebook Reels মেটা ফেসবুক রিলস মেটা ফেসবুক Meta Facebook ফেসবুক মেটা ফেসবুক Meta Facebook ফেসবুকমেটা ফেসবুক Meta Facebook ফেসবুক
file pic

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট থেকে শিশু-কিশোরদের সুরক্ষা দিতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। দেশটি ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

সোমবার (১ জুন) থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

নতুন বিধান অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এজন্য সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে বয়স নিশ্চিত করতে হবে।

নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে।

এমসিএমসি জানিয়েছে, এ উদ্যোগের উদ্দেশ্য শিশুদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখা বা প্রযুক্তি ব্যবহারের অধিকার সীমিত করা নয়। বরং সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ববোধ বাড়ানোই এর লক্ষ্য।

বর্তমান ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কাজ আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে ক্ষতিকর ও আপত্তিকর কনটেন্টের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে মালয়েশিয়া। বিশেষ করে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা ছড়ানো কিংবা রাজতন্ত্রের সমালোচনামূলক বিষয়বস্তু নিয়ন্ত্রণে দেশটি কঠোর অবস্থান নিয়েছে।

বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় মালয়েশিয়ার এ পদক্ষেপকে ডিজিটাল নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র- ডন




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD