শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন




ঢাকার সঙ্গে সমরাস্ত্র সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৫:৩৭ pm
Ankara Turkey President Recep Tayyip Erdoğan তুর্কি ইস্তাম্বুল তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ তাইয়িপ এরদোয়ান এরদোগান
file pic

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত বলে উল্লেখ করে প্রতিরক্ষা ও সমরাস্ত্র খাতে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। শুক্রবার (৫ জুন) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে দীর্ঘমেয়াদে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় আঙ্কারা। প্রতিরক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ সফরে আসা প্রথম প্রভাবশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তুরস্কের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায় তার দেশ। অর্থনীতি, প্রতিরক্ষা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর আগে সংবাদ সম্মেলন শুরুর আগে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ও ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD