দুই হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত আট প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়নে দুই হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭ কোটি ২৮ লাখ টাকা।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয়ের কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন, তিনটি সংশোধিত এবং দুটি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।
একনেকের এই সভায় উপস্থিত ছিলেন অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন।
সভায় অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে রয়েছে— পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ)’ প্রকল্প, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মান (২য় পর্যায়) (১ম সংশোধন)’ প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের দুটি- (১) ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)’ প্রকল্প ও (২) দেশের ‘৬৫৩ মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৬টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো- ১. বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প, ২. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (২য় সংশোধিত) প্রকল্প, (৩) নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ, (৪) ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প, (৫) বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে কার্যক্রম ত্বরান্বিতকরণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প এবং (৬) পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (২য় সংশোধন) প্রকল্প।