শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন




জমজমাট ফুটবল বিশ্বকাপ শুরু আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১:২৬ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

বিশ্বকাপের সোনালী ট্রফিটা শেষ পর্যন্ত উঠবে কার হাতে? মেসি, নেইমার, রোনালদো, এমবাপে না অন্য কারো হাতে?
ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এবারই প্রথম, দল বেড়েছে আগের চেয়ে ১৬টি।

গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপের সময়ের দূরত্বটা ৩ বছর ৬ মাস। বছর চারেক পূর্ণ হওয়ার আগেই। অবশ্য কাতারের মাটিতে হওয়া সর্বশেষ বিশ্বকাপটি প্রায় সাড়ে ৪ বছর পর (গরমের কারণে শীতকালে নিয়ে যাওয়া হয়েছিল) হওয়ায় এবার সেই জুন মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। দেশটির রাজধানী মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ এর খেলায় মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দলই। ওই বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।

আয়োজক দেশগুলো যার যার দেশে আয়োজন করতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে, কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়)। কানাডার আয়োজন বাংলাদেশ সময় আগামীকাল রাতে। আর শনিবার ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের আসরে মোট ফাইনালসহ মোট ম্যাচ ১০৪টি। সবমিলিয়ে ১৬টি মাঠে আয়োজিত হবে বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বোচ্চ ৭৮ ম্যাচ হবে আমেরিকায়। সমান ১৩টি করে ম্যাচ মেক্সিকো ও কানাডায়। মেক্সিকোতে ৩টি, কানাডায় দুটি ও সর্বোচ্চ ১১ মাঠে খেলা হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকোর আজতেকা (ফিফার অফিসিয়াল স্পন্সরের কারণে শুধু বিশ্বকাপে নাম হবে- মেক্সিকো সিটি) স্টেডিয়ামে শুরু হয়ে আসরের পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে।

মাঠগুলোর মধ্যে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামটি সবচেয়ে বেশি আলোচনায় ঐতিহাসিক স্মৃতি ধারণ করে রাখার জন্য। এই মাঠে বিশ্বকাপ জিতেছেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। পেলে জিতেছিলেন ১৯৭০ সালে আর ১৯৮৬ সালে জিতেছিলেন ম্যারাডোনা।

এই মাঠেই ‘হাত দিয়ে গোল’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি করেছিলেন’ আর্জেন্টাইন কিংবদন্তি। এছাড়া এই মাঠে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। ইতিহাসের প্রথম স্টেডিয়াম এই রেকর্ড গড়তে যাচ্ছে। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর ২০২৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও গড়াবে এই মাঠে।

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ নিয়ে আবেগ ও উত্তেজনা কমতি নেই। চার বছর ধরে ভক্তদের অপেক্ষা থাকে এই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই প্রিয় তারকার দলে ঠাঁই হচ্ছে কিনা, সেটি নিয়ে আগ্রহের কৌতূহলটা ব্যাপক ছিল ভক্তদের মাঝে। যেমন ব্রাজিলের স্কোয়াডে নেইমার শেষ পর্যন্ত থাকবেন কি না, চোটের কারণে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা, শেষ বিশ্বকাপে কেমন করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই প্রশ্নগুলোই ছিল সবচেয়ে বেশি।

নেইমার আছেন ব্রাজিলের স্কোয়াডে। চোট কাটিয়ে প্রস্তুতি ম্যাচে বুধবার মেসি মাঠে ফিরে গোল করলেন আইসল্যান্ডের বিপক্ষে। নিজের শেষ বিশ্বকাপটা দারুণভাবে রাঙাতে চান রোনালদো। এর বাইরে গত দুই আসরের ফাইনালিস্ট ও গত ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপের দিকে নজর থাকবে সবার।

প্রথমবারের মতো বিশ্বকাপে নামতে যাওয়া লামিনে ইয়ামাল ও আরলিং হালান্ড কেমন করেন সেটি দেখার অপেক্ষায় ভক্তরা। সাম্প্রতিক ফর্মে সবাইকে ছাড়িয়ে যাওয়ার তাড়না হ্যারি কেইনেরও। আর্জেন্টিনা কি শিরোপা ধরে রাখতে পারবে, নাকি ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হতে যাচ্ছে সেটি নিয়েও চলছে ব্যাপক চর্চা।

একাধিক নিয়মে এবার পরিবর্তন আনা হয়েছে। যেমন এবারই প্রথম রাউন্ড অব থার্টি টু হবে। বদলি খেলোয়াড়দের ১০ সেকেন্ডের মধ্যেই মাঠে নামতে হবে। বদলি হতে যাওয়া খেলোয়াড়কে নিকটবর্তী সীমানা দিয়ে মাঠ ছাড়তে হবে। দেরি হলে তার দলকে পুরো এক মিনিট ১০ জন নিয়ে খেলতে হবে। যদি রেফারির মনে হয় কোনো দল ৫ সেকেন্ডের বেশি সময় নিচ্ছেন থ্রো ইন করতে, তখন প্রতিপক্ষে সেই থ্রো ইন পেয়ে যাবে।

গোলকিপারের বাদে কারো ছোটখাটো চিকিৎসার প্রয়োজ হলে তাকে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছাড়লে দেখতে হবে লাল কার্ড। মাঠের বাইরে থেকে কেউ প্ররোচিত করলে তিনিও একই শাস্তি পাবেন। পুরো দল মাঠ ছাড়লে বিজয়ী ঘোষণা করা হবে প্রতিপক্ষকে।

ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির নিয়ম-কানুনেও এসেছে নতুন সংযোজন। ভুল করে দেওয়ার কর্নার কিকের রিভিউ করা হবে। তবে খেলা শুরু করতে দেরি হওয়ার সম্ভাবনা থাকলে এমনটা করার সুযোগ নেই। প্রথমবারের মতো ফ্রি-কিক বা কর্নার নেওয়ার আগে আবারও বক্সে ফাউল হলে সেটির প্রভাবে গোল বা পেনাল্টি হলে সুযোগ থাকবে ভিএআর সেটি যাচাই করার।

দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের বিষয়টিও যাচাই করার সুযোগ থাকছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির। বিশেষ করে ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে। কোনো খেলোয়াড় যদি মুখ, বাহু বা জার্সি দিয়ে মুখ আড়াল করে কথা বলে তখন রেফারিরা সেটি গুরুত্ব দিয়ে দেখবেন। উত্তেজনাপূর্ণ কথাবার্তা হলে লাল কার্ডও দেখানো হতে পারে। তবে স্বাভাবিক কথাবার্তায় কোনো বিধিনিষেধ নেই।

তবে বিশ্বকাপের মতো বড় আয়োজনে বিতর্ক থাকবে না, এমনটা হওয়ার নয়। বিতর্ককে সঙ্গী করেইে শুরু হতে যাচ্ছে তিন দেশে হতে যাওয়া বিশ্বকাপ। বিশেষত টিকিটের দাম নিয়ে অসন্তোষ রয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফুটবল ভক্তদের মাঝে। এছাড়া ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও ছিল শঙ্কা। শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে অংশ নিলেও বেস ক্যাম্প করেছে মেক্সিকোয়। এখনও আমেরিকার ভিসা পায়নি তাদের স্কোয়াডের কয়েকজন সদস্য।

সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানও ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। নিরাপত্তা তল্লাসীর নামে হেনস্তা করা হয়েছে ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি করলেও অনেক দেশের দর্শকদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। যার ফলে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে সবচেয়ে বিতর্কিত এক বিশ্বকাপ।

সবকিছু ছাপিয়ে আজ রাত থেকে ফুটবলপ্রেমীরা মেতে উঠবেন এক দারুণ উন্মাদনায়। প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে প্রস্তুত তারা রাত জেগে প্রতিটা ম্যাচ দেখতে। তিন দেশে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের রোমাঞ্চ, উত্তাপ ও উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD