বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন




ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে: মেসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:০৯ am
Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা
file pic

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি ৩৯ বছর পূর্ণ করে পা রাখলেন ৪০-এর কোঠায়। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া এই কিংবদন্তির ক্যারিয়ারে অর্জনের খাতা প্রায় পূর্ণ। ক্লাব ও জাতীয় দলে দুই পর্যায়েই জিতেছেন সম্ভাব্য প্রায় সব শিরোপা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

চলতি আসরের প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিকসহ পাঁচ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। জন্মদিনের বিশেষ মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি জানালেন, জীবনে আর নতুন কোনো প্রাপ্তির প্রত্যাশা নেই তার।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে সম্প্রতি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। এই অর্জন ও জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ওলে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কৃতজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

মেসি বলেন, সত্যি বলতে, আমি আর কিছু চাই না। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সবকিছু দিয়েছেন। খেলাধুলার জগতে যা যা অর্জন করা সম্ভব, তার প্রায় সবই পেয়েছি। এখন শুধু আমার, আমার পরিবারের এবং সবসময় পাশে থাকা মানুষের সুস্বাস্থ্য কামনা করি।

জাতীয় দলের হয়ে বর্তমান সময়টাকে বিশেষভাবে উপভোগ করছেন বলেও জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তার ভাষায়, আমি এই মুহূর্তগুলোকে উপভোগ করতে চাই। এই অসাধারণ দলের অংশ হয়ে থাকতে চাই, যে দলটি দীর্ঘদিন ধরে দেশের মানুষকে আনন্দ দিয়ে আসছে। আমাদের প্রত্যেক খেলোয়াড় প্রতিটি ম্যাচে এমন মনোভাব নিয়ে নামে যেন সেটিই তার ক্যারিয়ারের প্রথম ম্যাচ। এই দলের অংশ হতে পারাটাই আমার জন্য আনন্দের।

বিশ্বকাপ ধরে রাখার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বরাবরের মতোই বিনয়ী ছিলেন। তিনি বলেন, ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া হয়তো অনেক বেশি চাওয়া হয়ে যাবে। তিনি ইতোমধ্যে আমাকে যা দিয়েছেন, সেটাই আমার জন্য যথেষ্টেরও বেশি।

৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে দাপটের সঙ্গে খেলে যাওয়া মেসিকে ঘিরে তাই নতুন করে স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সমর্থকরাও অপেক্ষায় আছেন, ফুটবলের এই মহাতারকা আরও একবার কি না সোনালি ট্রফি উঁচিয়ে ধরেন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD