শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন




দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেয়া হবে না: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৫:২৩ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনও ধরনের আপসের সুযোগ নেই। দেশ আমাদের সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিছ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু মাদকসেবীরা নয়, যারা মাদক উৎপাদন, পাচার, ব্যবসা ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত, তারাই সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি।’ তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক দলসহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন কাজ বছরের প্রথম ৯ মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে চলে।’ তিনি উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD