জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী বলেছেন, ‘মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল। এটি সত্যিই আশ্চর্যজনক।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিন সম্পুরক প্রশ্নের খাদ্যমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান সাবিকুন্নাহার। এসময় তিনি ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
সাবিকুন্নাহার সম্পুরক প্রশ্ন রেখে বলেন, আজকে বাজারে দেখতে পাচ্ছি যে, খাদ্য রয়েছে, বিশেষ করে এ ফলের মৌসুমে ফলের রাজ্যে পৃথিবী গদ্যময়। কোন ফলটি যে কিনবো, কোনটি যে ফরমালিন মুক্ত, কোনটি যে আমার স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা আমরা ডিসাইড করতে পারি না। তো এ অবস্থা কতদিন চলবে? আসলে আমরা দেখি যে আমাদের মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল। এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। ভেজালের দুনিয়া কিন্তু মাদকে কিন্তু ভেজাল নেই। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা এ ভেজালমুক্ত খাদ্য এটা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ রয়েছে খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণ যেন ভেজাল মুক্ত খাদ্য গ্রহণ করতে পারে সেটা সামান্য হোক এ ব্যাপারে আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের পদক্ষেপ জানতে চাচ্ছি।
জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে ভেজালের কারণে দেশে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন।