রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় একটি গার্মেন্টসের মালিকপক্ষের লোকজনের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে গেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেনের ওপরও ‘হামলা’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা- ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত হামলার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে সিটি কর্পোরেশন আওতাধীন অঞ্চল ৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ির এসটিএস এলাকায় পরিচ্ছন্নকর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন ফের দুর্ব্যবহার করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিএনসিসি প্রশাসক ও এমপির সামনে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন আহত হন। পুলিশ মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে।
পরে আহত পরিচ্ছন্নকর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রশাসক ও এমপি দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।