বিদেশে শিক্ষা ব্যয় পাঠানো সহজ করে এখন থেকে আন্তর্জাতিক কার্ড চালু করে এর মাধ্যমে পরিশোধধের সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক। সোমবার নতুন সার্কুলার দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখা বিশেষ এই আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে।
তবে, শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছে, এই কার্ড দিয়ে শুধু শিক্ষা ব্যয় পরিশোধ করা যাবে। সাধারণ কার্ডের মত অন্য কোনো ব্যয়ে এটি ব্যবহার করা যাবে না।
এজন্য ব্যাংকগুলো আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড ও ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে সুবিধাভোগির জন্য।
বর্তমানে বিদেশে শিক্ষা ব্যয় সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে পাঠানো হয় ব্যাংকের মাধ্যমে। সেক্ষেত্রে বিশ্ব বিদ্যালয়ের নির্ধারিত আবাসনের বাইরে থাকার সময়ে বাড়ি ভাড়া ও অন্যান্য ব্যয় পরিশোধে নানা রকম সমস্যার মধ্যে পড়েন শিক্ষার্থীরা।
নতুন সিদ্ধান্তে, শিক্ষা ব্যয়ের সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় ইস্যুকৃত কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন সুবিধাভোগিরা। এজন্য শিক্ষা ব্যয়ের সীমা যাচাই করতে হবে এডি শাখাকে।
শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের নামেই এই আন্তর্জাতিক কার্ড ইস্যু করা যাবে।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, অন্যান্য শিক্ষা ব্যয়ের পাশাপাশি ভর্তি প্ল্যাটফর্মগুলোর সেবা মাশুলও এ আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে পরিশোধ করা যাবে।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে বিদেশে সকল ব্যয় কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হয়। এজন্য দেশিয় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ডের প্রচলন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
শিক্ষা কার্ডের লেনদেন পৃথকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ সুবিধা বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় আনা যাবে না।
কার্ড ইস্যুর পূর্বে প্রয়োজনীয় প্রমাণ ও কাগুজে তথ্য যাচাই-বাছাই করতে এডি শাখাকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়াও শিক্ষা কার্ডের সকল লেনদেন তথ্য প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় ব্যাংকে।