সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন




সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১২:০৫ pm
অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস bm কর্মক্ষেত্র ঝুঁকি
file pic

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের সবার বাড়ি নওগাঁ এবং নাটোরে।

রোববার (৯ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অগ্নিকাণ্ডের তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।

এর আগে, রোববার (৯ আগস্ট) একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের সবার বাড়ি নওগাঁ এবং নাটোরে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD