বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন




জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ২:৫৮ pm
smart card smart-card স্মার্টকার্ড National Identity Card NID এনআইডি জাতিয় পরিচয় পত্র পরিচয়পত্র nid জাতিয় পরিচয় পত্র পরিচয়পত্র
file pic

জাতীয় পরিচয়পত্র

অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং আঞ্চলিক পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি/মাধ্যমিক/সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং আঞ্চলিক পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন। শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সংশোধনসংক্রান্ত কার্যপদ্ধতি অনুসরণ করতে হবে। সংশোধনের আবেদন ইলেকট্রনিক অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যবস্থাপনা ব্যবস্থায় (সিএমএস) আবশ্যিকভাবে নোট দিতে হবে।

পরিপত্রে আরও বলা হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পন্ন করা কার্যক্রম মনিটর করবেন। ট্র্যাকচেইনের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

এদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখসহ নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে।

পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে, জন্মতারিখ, নিজ নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই বিষয়ে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।

জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনে প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিলের বিষয়টি নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়মেও গুরুত্ব দেয়া হয়েছে। পরিপত্রে এ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD