শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন




ছাত্রদলের যেকোনো সময় কমিটি, নেতৃত্ব নিয়ে আলোচনায় যারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৬:৪৫ pm
Bangladesh Jatiotabadi Chatra Dal ChatraDal JCD BNP student বিএনপি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
file pic

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার সুর বাজছে। যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে নতুন কমিটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জীবন থেকে ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় বিদায়ের ইঙ্গিত দিয়ে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টে রাকিব লেখেন, ‌‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ তিনি তাঁর দীর্ঘ দায়িত্ব পালনের সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সদ্য পদত্যাগ করা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিজের মেয়াদে রাকিব-নাছির কমিটির ভূমিকা তুলে ধরে তিনি উল্লেখ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে বীরোচিত ভূমিকা পালন, পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে ‘মব’ মোকাবিলা এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে সততার সঙ্গে নেতৃত্ব দেওয়াই ছিল তাদের প্রধান অর্জন।’

দায়িত্ব পালনের সময় নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনার পাশাপাশি নিজের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন রাকিব। একই সঙ্গে, ছাত্রদলের রাজপথের এই দীর্ঘ পথচলাকে আরও সুসংগঠিত করতে যার হাতেই আগামী দিনের নেতৃত্ব আসুক না কেন, নতুন সেই কমিটিকে যেন সবাই সাদরে গ্রহণ করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেই নিজের বার্তার ইতি টানেন এই বিদায়ী ছাত্রনেতা।

শীর্ষপদে আলোচনায় যারা
ছাত্রদলের নতুন কমিটির শীর্ষপদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন- ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, সহ-সভাপতি মঞ্জরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, মো. কাজী জিয়া উদ্দিন বাসিত ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল।

আরও আলোচনায় রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, রাজু আহমেদ, ফারুক হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাকও রয়েছেন আলোচনায়।

নতুন কমিটি ঘোষণা হলে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটির আনুষ্ঠানিক অধ্যায় শেষ হবে। একই সঙ্গে ছাত্রদলের নেতৃত্বে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হবে।

দুই বছরের কমিটির মেয়াদ শেষ
২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সময় আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD