মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন




স্বরাষ্ট্রমন্ত্রী

এআই ক্যামেরায় ধরা পড়বে মহাসড়কের চাঁদাবাজি, অটো ফাইন চালুর ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৫:৩৩ pm
সিসি ক্যামেরা CCTV cameras camera সিসিটিভি ক্যামেরা CCTV cameras CC TV CC camera সিসিটিভি সিসি টিভি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা
file pic

মহাসড়কে যে চাঁদাবাজি হয় তা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক সবকিছু ক্যামেরায় রেকর্ডেড থাকবে- এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আশা করি এর ফলে মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা কমবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থায় মহাসড়কের বিভিন্ন কার্যক্রম ক্যামেরার আওতায় আসবে। ফলে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের ক্ষেত্রে নজরদারি বাড়বে। দেশের সব মহাসড়কে পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সব মহাসড়কে এই ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করব ইনশাআল্লাহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল-ত্রুটি যদি ধরা পড়ে, সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সব মহাসড়কে এ ব্যবস্থা চালু করা হবে।

তিনি আরও বলেন, এআই ‘অটো ফাইন সিস্টেমের’ মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। পরে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। জরিমানা একাধিকবার হলে গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিআরটিএর আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে এ ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

মহাসড়কে থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল নিয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো অবস্থাতেই মহাসড়কে নন-মোটরাইজড কোনো ভেহিকেল অথবা থ্রি-হুইলার চলতে দেয়া ঠিক নয়। সেটা আমরা মেইনটেইন করব। তবে গ্যাস স্টেশন, বাজার এলাকা, নির্ধারিত স্ট্যান্ড ও ফিডার রোডে যাতায়াতের বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য হাইওয়ে পুলিশের প্রধানকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।

হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা। মেঘনাঘাটে রয়েছে ডাটা সেন্টার।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ হাইওয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD