মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন




রাস্তায় ময়লা ফেললে গুনতে হবে জরিমানা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৮:৫৬ pm
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution
file pic

নগরীর পরিচ্ছন্নতা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণ তদারকি কমিটির সদস্য, পরিচ্ছন্নতা পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে তা বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থতা বা কর্তব্যে অবহেলা প্রমাণ হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী কড়া জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে।​

একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে নগরবাসীকে সতর্ক করে প্রশাসক বলেন, পরিবেশ নোংরা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সভায় প্রশাসক মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন দলের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, তদারকি কমিটির আহ্বায়ক ও সদস্য এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD