দেশের সব পৌরসভায় আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ লক্ষ্যে দেশের সব পৌরসভার প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
ডিজিটাল হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট এবং ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড ব্যবহারের কথা বলা হয়েছে। এর মাধ্যমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ডিজিটালভাবে নিবন্ধন ও পর্যবেক্ষণ করা হবে।
গত ২০ আগস্ট স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে দেশের সব পৌরসভার প্রশাসককে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি মাঠ পর্যায়ের দপ্তরগুলোর উপস্থিতি কার্যক্রম আরও কার্যকরভাবে মনিটর করা সম্ভব হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৬ জুলাইয়ের দুটি স্মারক এবং স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখার গত ১১ আগস্টের ইউও নোটের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।