ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ত্রুটিপূর্ণ ২৭টি বেয়ারিং প্যাডকে ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটল পাওয়া গেছে বলে তথ্য দিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
জাতীয় সংসদে বুধবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
সংসদ সদস্যের প্রশ্নে বলা হয়, স্বাধীন অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী মেট্রোরেল রুটের বেয়ারিং প্যাডের ২৩ দশমিক ২৮ শতাংশ বা ৭৩০টি ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। ৪৬টি পিয়ারেও ফাটল ধরা পড়েছে।
জবাবে মন্ত্রী বলেন, “৭৩০টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডের সবগুলো ত্রুটিপূর্ণ নয়। এর মধ্যে ১৪৭টির ত্রুটি কম গুরুতর হিসেবে চিহ্নিত হয়েছে। ২৯৭টির ক্ষেত্রে সমস্যা মূলত বেয়ারিং প্যাড স্থাপন ও কাজের মানসংক্রান্ত। শুধু ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
স্বাধীন সেইফটি অডিট কমিটির প্রতিবেদনে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটল শনাক্ত হওয়ার কথাও বলেন মন্ত্রী।
শেখ রবিউল ইসলাম বলেন, “ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গত ১৬ জুলাই সেইফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি গঠন করেছে। বেয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার ঝুঁকি আছে, এমন ১০টি জায়গায় স্টিল ব্র্যাকেট বসানো হয়েছে। ২৭টি স্থানে সেটেলমেন্ট পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে।
২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৪৬টি পিয়ারের ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে অবকাঠামোগত পরামর্শদাতা হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে। স্থাপনার ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
মেট্রোরেলের সব স্টেশনের সাবস্টেশন বা উপ-বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন কক্ষে ওয়াটারপ্রুফিংয়ের কাজও চলছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় যাত্রী উদ্ধার ও নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ জরুরি সেবার লাইভ টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও তথ্য দেন মন্ত্রী।
কর্ণফুলী টানেল প্রকল্প নিয়ে দুদকের তদন্ত
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, “কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের নির্মাণ ও বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সেসব বিষয়ে দুদক তদন্ত করছে।”
টানেলকে কেন্দ্র করে যেসব বিনিয়োগ সম্ভাবনা চিহ্নিত হয়েছিল, নানা কারণে সেগুলো যথাসময়ে বাস্তবায়িত হয়নি মন্তব্য করেন সেতুমন্ত্রী। তার দাবি, বর্তমান সরকার টানেলকে ঘিরে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগ নিয়েছে।
নারীদের জন্য আরও ১০০ ইলেকট্রিক বাস
সংরক্ষিত আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “বর্তমানে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস বা পিংক বাস চলছে। এই সেবা সারাদেশে সম্প্রসারণে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি আমদানির কার্যক্রম চলছে।”
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমানে বিআরটিসির বাস রয়েছে ১ হাজার ২৯৮টি। এর মধ্যে সচল ১ হাজার ১৭২টি এবং অচল ১২৬টি। বিআরটিসির ট্রাক রয়েছে ৫২৫টি; এর মধ্যে সচল ৪৯৪টি।”
জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ
সংরক্ষিত আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, “সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারিচালিত রিকশাকে অযান্ত্রিক যান হিসেবে গণ্য করা হয়। আইন অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
“ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা হচ্ছে।”
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, “বর্তমানে দেশে রুট হিসেবে রেলপথের দৈর্ঘ্য ৩ হাজার ৪২৮ কিলোমিটার। ট্র্যাক হিসেবে রেলপথের দৈর্ঘ্য ৪ হাজার ৮২৮ কিলোমিটার।
“সরকারের নির্বাচনী ইশতেহার ও রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুযায়ী দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংরক্ষিত আসনের সদস্য শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রেলসেবাকে আধুনিক, যুগোপযোগী, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর প্রথম চালানে ১৯টি কোচ চলতি মাসে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া আরও ২০০টি মিটারগেজ কোচ সংগ্রহের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির কাজ চলছে।
ওভেন কাপড়ে ঘাটতি ৬০ শতাংশ
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “দেশে বস্ত্রের চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নিট কাপড়ের চাহিদা ৪০০ কোটি মিটার এবং ওভেন কাপড়ের চাহিদা ৪০০ কোটি মিটার।
“দেশে নিট কাপড়ের ঘাটতি প্রায় ১০ শতাংশ। ওভেন কাপড়ের ঘাটতি ৬০ শতাংশ।”
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৬৬টি পাটকল রয়েছে। এর মধ্যে চালু রয়েছে ১৯৩টি।
নারী ও শিশু নির্যাতনের ২৭,১৮২ মামলা বিচারাধীন
সংরক্ষিত আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২৭ হাজার ১৮২টি মামলা বিচারাধীন রয়েছে।