র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে এটি পাস হয়।
এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দিনের কার্যসূচি অনুযায়ী আইন পাসের কার্যক্রম শুরু হলে বিলটি পাসের আগে স্পিকার বলেন, আমরা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ পাসের স্তরে রয়েছি।
এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণের পক্ষে-বিপক্ষে ভোট চান স্পিকার। এ সময় বিরোধীদল আপত্তি জানালেও কণ্ঠভোটে বিলটি পাস হয়। পরবর্তীতে বিলের দফায় সংশোধনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ সংশোধন করে র্যাব গঠনের আইনি ভিত্তি দেয়া হয়েছিল। তবে সময়ের সঙ্গে নানা কর্মকাণ্ডে বাহিনীটি সমালোচিত হয়। এখন র্যাব বিলুপ্ত করতে ওই আইন থেকে সংশ্লিষ্ট অংশগুলো বাদ দিয়ে পৃথক এসআরবি আইন করা হচ্ছে। সেই সঙ্গে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ রহিত করে নতুন এপিবিএন আইন করতেও আরেকটি বিল সংসদে পাস হয়েছে।