সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন




রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার কার্যকারিতা স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৯ pm
Real Estate and Housing Association of Bangladesh REHAB রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন এসোসিয়েশন অব অফ বাংলাদেশ রিহ্যাব rehab
file pic

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

এর পাশাপাশি এ বিষয়ে জারি করা সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারীর পক্ষে শুনানিতে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে আলী আফজালের সভাপতি পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, ঋণখেলাপি একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আলী আফজালও ঋণখেলাপি হয়েছেন। এ কারণে ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার রিহ্যাব সভাপতি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলী আফজাল। শুনানি শেষে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন।

গত ১৮ এপ্রিল রিহ্যাবের নির্বাচনে ২৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। ‘প্রগতিশীল’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আলী আফজাল জয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলের প্রার্থী ও তৎকালীন বিদায়ী সভাপতি ওয়াহিদুজ্জামান পেয়েছিলেন ১৯৩ ভোট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD