সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন




সরকারের আয় ও আয়ের উৎসের সঙ্গে ব্যয় সামঞ্জস্যপূর্ণ নয়: সেলিম রায়হান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১০ pm
South Asian Network on Economic Modeling SANEM সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম সেলিম রায়হান Professor Selim Raihan
file pic

দেশের অর্থনীতি নিয়ে তিনটি সতর্কবার্তা দিয়েছেন অর্থনীতিবিদ ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান। সরকারি ব্যয় ও ঋণের চাপ বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতির নতুন চাপ এবং বিনিয়োগ স্থবিরতার কারণে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পোস্টে সেলিম রায়হান এসব বিষয় তুলে ধরেন।

সরকারি ব্যয় ও ঋণের চাপের বিষয়ে তিনি বলেন, সামাজিক সুরক্ষা ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সরকারের ব্যয় যেভাবে বাড়ছে, তা সরকারের আয় বৃদ্ধি ও আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে রাজস্ব ঘাটতি বাড়তে পারে এবং তা মেটাতে সরকারের ঋণনির্ভরতা আরও বাড়ার ঝুঁকি রয়েছে। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরি করবে বলে সতর্ক করেছেন সেলিম রায়হান। তার মতে, তেলের দাম বাড়লে পরিবহন, উৎপাদন ও পণ্য সরবরাহের খরচ বাড়বে। এতে মূল্যস্ফীতির ওপর চাপ আরও বাড়তে পারে। তবে এই চাপ কীভাবে নিয়ন্ত্রণে রাখা হবে, সে বিষয়ে সরকারের কৌশল এখনো স্পষ্ট নয়। পাশাপাশি জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও এ খাতে অতিরিক্ত করভার নিয়েও আলোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন সানেমের নির্বাহী পরিচালক। তিনি বলেন, অর্থনৈতিক ও বহুমুখী অনর্থনৈতিক কারণে দেশে বেসরকারি বিনিয়োগে বড় ধরনের স্থবিরতা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, মব কালচার, সরকার ও নীতির ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক বাধার পাশাপাশি সুশাসন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সামাজিক ও শ্রম পরিস্থিতিও বিনিয়োগের ওপর প্রভাব ফেলছে।

সেলিম রায়হানের মতে, বেসরকারি বিনিয়োগ বাড়ার পরিস্থিতির উন্নতির লক্ষণ এখনো দৃশ্যমান নয়। ফলে আগামী দিনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD