বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন




বাড়লো দুর্গাপূজার ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯ am
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয় secretariat-logo
file pic

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২শে অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ২০শে অক্টোবর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২শে অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দেন। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একইভাবে বৌদ্ধ সমপ্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা চেয়েছিল, প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তাদের তিন কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০শে অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১শে অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২শে অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দু’দিন ২৩ ও ২৪শে অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এ দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০শে অক্টোবর মঙ্গলবার থেকে ২৪শে অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচদিন সরকারি ছুটি থাকবে।

ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার আর আলাদা করে কোনো ছুটি নেয়ার প্রয়োজন হচ্ছে না। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে শনিবার। চলতি বছর মহালয়া হবে ১০ই অক্টোবর। এরপর ১৬ই অক্টোবর মহাষষ্ঠী, ১৮ই অক্টোবর মহাসপ্তমী, ১৯শে অক্টোবর মহাষ্টমী, ২০শে অক্টোবর মহানবমী এবং ২১শে অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD