কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু প্রশ্নের উত্তর দেয়া কিংবা ছবি তৈরির প্রযুক্তিতে সীমাবদ্ধ নেই। ই–মেইল পাঠানো, গ্রাহকসেবা দেয়া থেকে শুরু করে ব্যবসার নানা কাজও করতে পারছে এআই। এবার এসব প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামের নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের তৈরি এআই মডেল, এজেন্ট ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
নতুন প্ল্যাটফর্মের নেতৃত্ব দিতে ডেটা প্ল্যাটফর্ম মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন সিজে দেশাইকে চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে মেটা। টেক ক্রাঞ্চসের প্রতিবেদন বলছে মেটা জানিয়েছে, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের তৈরি হালনাগাদ এআই মডেল, এজেন্ট ও প্রযুক্তি সহজেই ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে এতে যুক্ত হচ্ছে মেটার ব্যক্তিগত এআই সহকারী ‘মিউজ’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ‘মিউজ এপিআই’ ও ‘মিউজ কোড’সহ বিভিন্ন এআই সুবিধা।
এসব প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলো নিজেদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, গ্রাহকসেবা এবং ব্যবসার প্রবৃদ্ধিতে এআই ব্যবহার করতে পারবে। অর্থাৎ, মেটার এআই প্রযুক্তি শুধু ব্যক্তিগত ব্যবহারেই সীমাবদ্ধ থাকছে না, বরং ব্যবসায়িক কাজেও ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।
মেটায় যোগ দেয়ার বিষয়ে চিরন্তন সিজে দেশাই বলেন, আগামী কয়েক বছরে এআই সব ধরনের প্রতিষ্ঠানের উদ্ভাবন, ব্যবসার প্রবৃদ্ধি, গ্রাহকসেবা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে। তার মতে, উন্নত এআই মডেল ও এজেন্ট প্রযুক্তি তৈরির পাশাপাশি বিপুলসংখ্যক বিজ্ঞাপনদাতা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেটার।
মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মের লক্ষ্য হলো, প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তিগুলোকে এমন পণ্য ও সেবায় রূপ দেয়া, যেগুলো বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের কার্যক্রমে সরাসরি কাজে লাগাতে পারবে। চলতি মাসের শুরুতে ‘মিউজ’ নামের ব্যক্তিগত এআই সহকারী চালু করেছে মেটা। ব্যবহারকারীর হয়ে ই–মেইল পাঠানো, ভ্রমণের বুকিং দেয়াসহ বিভিন্ন কাজ করতে পারে এই এআই সহকারী। এবার মিউজসহ নিজেদের অন্যান্য এআই প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাতাদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।