শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন




সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, মব সহিংসতায় ৯: এইচআরএসএস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৮:৪৫ pm
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার ৬৮টি ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। একই সময়ে গণপিটুনি ও মব সহিংসতার ৩৫টি ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সেপ্টেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগঠনটির সংগৃহীত তথ্য এবং ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের ঘটনা কিছুটা কমেছে। আগস্টে রাজনৈতিক সহিংসতার ৭০টি ঘটনায় ৭ জন নিহত ও ৫৩৬ জন আহত হয়েছিলেন।

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ৩৫টি ঘটনায় অন্তত ৩৪০ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের সাতটি ঘটনায় ৬১ জন আহত হয়েছেন। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ছয়টি সংঘর্ষের ঘটনায় ৪২ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত ও ১ জন নিহত হয়েছেন।

এ ছাড়া বিএনপি ও এনসিপির মধ্যে তিনটি সংঘর্ষের ঘটনায় ১৬ জন এবং বিএনপি ও অন্যান্য দলের মধ্যে সাতটি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এইচআরএসএস বলেছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও হামলা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সেপ্টেম্বরে অধিকাংশ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর পৃথক হামলা, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুষ্কৃতকারীদের হাতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার অন্তত ১২টি ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতের ১ জন এবং একজন চরমপন্থী রয়েছেন। এ ছাড়া অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

আধিপত্য বিস্তার, দখলদারত্ব, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ২৩টি ঘটনায় অন্তত ৬৩টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, সংঘর্ষ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংগঠনটি।

রাজনৈতিক মামলা ও গ্রেপ্তার
রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে ২৩টির বেশি মামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মামলায় ৫২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৬৮৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ছাড়া রাজনৈতিক, যৌথ ও বিশেষ অভিযানে ২৮৭টি ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মব সহিংসতায় নিহত ৯
চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্‌বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসে গণপিটুনি ও মব সহিংসতার ৩৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে।

সাংবাদিক নির্যাতন, কারাগারে মৃত্যু
সেপ্টেম্বরে সাংবাদিক নির্যাতন ও হয়রানির অন্তত ২০টি ঘটনায় কমপক্ষে ৩৫ জন সাংবাদিকের শিকার হওয়ার তথ্য দিয়েছে এইচআরএসএস।

কারাগারে মৃত্যুর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন কারাগারে কমপক্ষে ২১ জন আসামি মারা গেছেন।

এ ছাড়া নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থান থেকে দুর্বৃত্তদের হাতে হত্যার ৬৬টি ঘটনায় ৬৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি লাশ বস্তাবন্দী অবস্থায়, ২৪টি ঝুলন্ত অবস্থায় এবং ৮টি শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ উদ্ধার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সীমান্ত ও শ্রমিক নির্যাতন
বাংলাদেশ-ভারত সীমান্তে সেপ্টেম্বরে তিনটি ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শ্রমিক নির্যাতনের বিষয়ে এইচআরএসএস বলেছে, সেপ্টেম্বরে ৮৮টি ঘটনায় ২৯ জন শ্রমিক নিহত ও অন্তত ১২১ জন আহত হয়েছেন। অস্বাস্থ্যকর পরিবেশ ও সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অন্তত ৪৬ জন শ্রমিক মারা গেছেন।

নারী ও শিশু নির্যাতন
সেপ্টেম্বরে ২৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৭৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ব্যক্তিদের ৪৭ জন, অর্থাৎ ৬০ শতাংশ, ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী।

এ ছাড়া ২৭১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৭৮ জন মারা গেছে এবং ১৯৩ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সার্বিক বিষয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সেপ্টেম্বর মাসে দেশের মানবাধিকার পরিস্থিতির কিছু সূচকে উন্নতি হলেও কয়েকটি ক্ষেত্রে অবনতি হয়েছে।

তিনি বলেন, মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, ক্যাম্পাসে সহিংসতা, গণপিটুনি ও মব সহিংসতা, কারাগারে মৃত্যু, নির্যাতন ও হেফাজতে মৃত্যু, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্তে সহিংসতা এবং শ্রমিক নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD