শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন




খালেদার মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস, যেতে পারবেন না বিদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ৫:২১ pm
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia খালেদা জিয়া
file pic

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ দুটি শর্তে আরও ছয় মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। রবিবার (১২ মার্চ) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়ে আসায় তার পরিবার আবেদন করেছিল। এ পরিপ্রেক্ষিতে দুটি শর্তে তার মেয়াদ ছয় মাসের জন্য বাড়িয়েছি।’

শর্ত দুটির বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয় ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসাসেবা গ্রহণ করবেন। এ সময় প্রয়োজনে তিনি হাসপাতালে যেতে পারবেন এবং এই ছয় মাস সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আগেও এ দুটি শর্ত ছিল। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনও এই শর্তগুলো ছিল।’

আনিসুল হক বলেন, ‘বিষয়টি সম্পন্ন করে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা এক্সিকিউট (কার্যকর) করবেন। গত কয়েকবার মতামতের ভিত্তিতেই কার্যকর করা হয়েছে। আমি আশা করছি এই মতামতের ভিত্তিতেই এবারও তা কার্যকর করা হবে।’

খালেদা জিয়া বাসায় অবস্থানকালে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘দরখাস্তে আগেই বলা হয়েছে তিনি গুরুতর অসুস্থ। তাই রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তিনি অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। এখানে রাজনীতির কথা আসাটা আমার মনে হয় কোনও প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৪ মার্চ। এরই মধ্যে তার মুক্তির মেয়াদ বাড়ানো ও চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়। তার ভাই সাঈদ ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD