শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন




র‌্যাব ডিজির চাকরির মেয়াদ বাড়লো আরও এক বছর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৬:০৬ pm
M Khurshid Hossain Director General of Rapid Action Battalion RAB র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব ডিজি এম খুরশীদ হোসেন
file pic

আরও এক বছর পদে থাকছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তার চাকরির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (২৩ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ব-বেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান খুরশীদ হোসেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। চাকরি জীবনে ডিএমপির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এম খুরশীদ হোসেন।

বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সবশেষ তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন।

এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুবার পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ ও একবার ‘পিপিএম’ পেয়েছেন।

খুরশীদ হোসেন নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন। সেসময় আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেফতার করেন খুরশীদ হোসেন। র‌্যাবের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরও অনেক কাজে সফল ও প্রশংসিত হয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য- নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সন্ধান ও তাদের মূলোৎপাটন। এছাড়া সিরাজগঞ্জে ৩২৩ জন সর্বহারা দলের সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রসহ আত্মসমর্পণ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD