সৌদি আরবের দুটি লিগ থেকে পা হড়কালেও, এখনও সবকিছু শেষ নয় বলে আগেই জানিয়েছিলেন আল-নাসর ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের সেই মন্তব্যের পর তিনি টানা দুই ম্যাচে গোল করে দলকে জয় উপহার দিয়েছেন। তবে তাতেও হয়তো ম্যাচের মূল পরিস্থিতি আঁচ করা যাবে না।
কারণ শুরুতে ২-০ গোলে পিছিয়ে থাকলেও, সমতায় ফেরার পর আল-নাসরের জয়সূচক তৃতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা। এরপর তার একটি দৃশ্য সবার নজর কেড়েছে। গোল উদযাপনের সময় সতীর্থদের মাঝখানের ফাঁকা জায়গায় সেজদাহ দিয়েছেন তিনি। ম্যাচে আল-শাবাবের বিপক্ষে রোনালদোর দল ৩-২ গোলে জয় পেয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে নেমে পিছিয়ে পড়া আল-নাসর দুর্দান্ত কামব্যাকের দৃশ্য উপহার দিয়েছে। দুই গোল হজম করে তারা একে একে তিনটি গোলে নিশ্চিত করেছে জয়। এদিন আল-শাবাবের ডি-বক্সের মাথা থেকে দূরপাল্লার শটে দারুণ গোল পেয়েছেন রোনালদো। এই জয়ে আল-ইত্তিহাদের সঙ্গে আল-নাসর শিরোপার লড়াই জমিয়ে তুলেছে।