বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন




নথি মামলায় নির্দোষ দাবি করলেন ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩ ১১:১৩ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নথি অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনাসহ বেশ কিছু অভিযোগে বিচারের সম্মুখীন হয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মায়ামির ফেডারেল আদালতে তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগের শুনানি হয়।

এর আগে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়। আত্মপক্ষ সমর্থনে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন।

পারমাণবিক প্রকল্পের গোপনীয় তথ্য অবৈধভাবে সংরক্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া সরকারি বহু নথি ব্যক্তিগত জিম্মায় রেখেছেন ট্রাম্প এমন অভিযোগ উঠেছে।
বিবিসি জানিয়েছে, ট্রাম্প আদালতে প্রবেশের পর বিচারক জনাথন গুডম্যান সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। এর পর তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

ওই প্রতিবেদনে বলা হয়, মামলায় হাজিরার পর কোনো শর্ত বা ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড়াই ট্রাম্পকে আদালত ছাড়ার অনুমতি দেওয়া হয়। তার কাছ থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি।
বিচারক গুডম্যান আদেশে বলেন, মামলার সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না ট্রাম্প।

মামলার অপর আসামি ট্রাম্পের সহকারী ওয়াল্ট নটাও আদালতে হাজির হয়েছিলেন। নটার পক্ষে স্থানীয় কোনো আইনজীবী না থাকায় আগামী ২৭ জুন পর্যন্ত অপরাধের অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিতে হবে না তাকে।
আদালত মুচলেকা ছাড়াই ট্রাম্পের সহকারীকে আদালত ছাড়ার অনুমতি দেন। তাকেও অন্য সাক্ষীদের সঙ্গে কথা না বলার নির্দেশ দেওয়া হয়।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন সাবেক এই প্রেসিডেন্ট। গত মার্চে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুস দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় ফৌজদারি মামলায় অভিযুক্ত হন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD