শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন




পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করেন না: পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৪:৫১ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ কিছু করলেই সঙ্গে সঙ্গে বিদেশিরা চিৎকার করেন। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এটি জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ান না।’

শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যমে বিদেশিদের মন্তব্যগুলো অতি প্রচারের ফলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন এবং নিজেদের এ দেশের সম্রাট মনে করে মজা পান।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেনশনের ধারেকাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।

এর আগে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমির দেওয়া সিলেটের পাঁচ গুণিজনের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানা।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্তরা হলেন- লোকসংস্কৃতিতে লেখক মিহিরকান্তি চৌধুরী, নাট্যকলায় চম্পক সরকার, সঙ্গীতে কণ্ঠশিল্পী পূর্ণিমা দত্ত রায়, আবৃত্তিতে জ্যোতি ভট্টাচার্য ও যন্ত্রসঙ্গীতে (বাঁশি) মো. মিনু মিয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD