পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজগুলোর একটিতে করে সৌদি আরবে পা রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মধ্যপ্রাচ্যের দেশটিতে তিনি গলায় হীরাখচিত যিশুর ক্রুশের চেইন পরে প্রবেশ করেন। সাদা রঙের ট্রাউজার্স ও টি-শার্ট পরিহিত নেইমারকে পরে তার নতুন ঠিকানা আল-হিলালের স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। একইভাবে আজ (শনিবার) এই তারকা ফরোয়ার্ডকে রাজসিক অর্ভথ্যনা জানানো হবে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, স্টেডিয়ামটিতে নেইমারের দল আল-হিলাল আজ আল-ফেইহার বিপক্ষে খেলতে নামবে। এর আগে ৬৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যুটিতে বর্ণাঢ্য আয়োজনে ব্রাজিল তারকার অভ্যর্থনা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে সৌদির সংবাদমাধ্যমগুলো। কেবল অভ্যর্থনাই নয়, এদিন অল্প সময়ের জন্য মাঠেও নামতে পারেন নেইমার।