শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন




দলের সাথে শ্রীলঙ্কা যাচ্ছেন না লিটন দাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ১:৪৩ pm
Litton Kumer Das Cricket cricketer wicket keeper Tigers লিটন কুমার দাস ক্রিকেট অধিনায়ক উইকেট কিপার ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

আসন্ন এশিয়া কাপে অংশ নিতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার বাহিনী। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে শ্রীলংকা যাওয়ার বিমানে নেই ওপেনিং ব্যাটার ও উইকেটকিপার লিটন দাস। জানা গেছে, লিটন জ্বরে আক্রান্ত; যদিও ডেঙ্গু নেগেটিভ তিনি।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এই দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল লিটন দাসের। তবে তিনি অসুস্থ থাকার কারণে দলের সঙ্গে আজ যেতে পারছেন না।

এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কায় না গেলেও সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে এশিয়া কাপের জন্য শনিবার (২৬ আগস্ট) ছুটির দিনেও মাঠে অনুশীলন করেছেন লিটন। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের নেটে বেশ কিছুক্ষণ অনুশীলনও করেছিলেন। তবে আজ দেশ ছাড়ার আগে জানা যায়, দলের সঙ্গে তিনি যাচ্ছেন না।

লিটনকে নিয়ে সংবাদমাধ্যমে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনূস জানান, ‘লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।’

আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দলের অন্যতম সেরা ব্যাটার ও সহঅধিনায়ক লিটনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।

লিটন ছাড়াও দলের বাকিদের সঙ্গে যাওয়া হচ্ছে না পেসার তানজিম হাসান সাকিবের। এই পেসার যাবেন আলাদা ফ্লাইটে। চোটে আক্রান্ত পেসার এবাদত হোসেনের বদলি হিসেবে তিনি পরে দলে আসায় তার টিকেটও কাটা হয় পরে। তিনি তাই একদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD