শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন




পাল্টাপাল্টি হামলায় ৬০০ ইসরায়েলি, ৩১৩ ফিলিস্তিনি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৯:০৪ pm
Israel Palestine Jerusalem Gaza Strip প্যালেস্টাইন ইসরায়েল ফিলিস্তিন উপত্যকা গাজা ভূখণ্ড শহর ইসরাইল
file pic

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরুর পর ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়েছে। শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার মাধ্যমে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় এখন পর্যন্ত ৬০০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ২ হাজার জনের বেশি। সেইসঙ্গে বহু ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করেছেন হামাসের যোদ্ধারা।

অন্যদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণে ৩১৩ জন ফিলিস্তিনি নিহত ও ২ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বরাতে টাইমস অভ ইসরায়েল জানিয়েছে, গাজা ও দক্ষিণ ইসরায়েলে ৪০০ জনের বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে তারা।

এ যুদ্ধের রেশ পৌঁছে গেছে মিসরেও। দেশটির আলেকজান্দ্রিয়া শহরে এক মিসরীয় পুলিশ সদস্যের গুলিতে দুইজন ইসরায়েলি পর্যটক নিহত হয়েছেন।

ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে এখন তুমুল লড়াই চলছে। বিশেষ করে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে।

এর মধ্যেই এ যুদ্ধে ‘সাবধানে পা রেখেছে’ হিজবুল্লাহও। লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশে মর্টার হামলা করেছে হিজবুল্লাহ।

হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা হাশেম সাফিয়েদ্দিন বলেছেন, ‘আমাদের ইতিহাস, আমাদের বন্দুক আর আমাদের রকেট তোমাদের সঙ্গে আছে। আমাদের সবকিছু তোমাদের সঙ্গে আছে।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সীমান্ত সম্প্রদায়ের ওপর হামাসের হামলায় রোববার মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

হামাসের হামলায় নিহতদের সরিয়ে নেওয়ার কাজে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে ইসরায়েলের স্বেচ্ছাসেবী গোষ্ঠী জাকা। এই গোষ্ঠীর একজন মুখপাত্র হেব্রু ভাষার গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন।

হামাসের বন্দুকধারীদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান যুদ্ধের মাঝেই মরদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জাকা। এদিকে, হামাসের হামলা তীব্র হওয়ায় গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড থেকে নিজ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল।

ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান, চ্যানেল-১২, ইংরেজি দৈনিক হারেৎজ এবং টাইমস অব ইসরায়েল হামাসের হামলায় ইসরায়েলিদের হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেনি।

এদিকে, ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

শনিবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে রকেট হামলা শুরু করে হামাস। এরপর হামাসের শত শত যোদ্ধা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD